হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স করতে এসে নির্মমভাবে খুন হয়েছেন এক ব্যবসায়ী। প্রকাশ্য দিবালোকে ইউনিয়ন পরিষদের কক্ষে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।
বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম শাহিন মিয়া (৩৫)। তিনি উপজেলার মেঝেরকান্দি এলাকার বাসিন্দা এবং হাসনাবাদ বাজারের একটি হার্ডওয়ার দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন মিয়া তার দোকানের লাইসেন্স করাতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় পরিষদের বারান্দায় অবস্থানরত মাদকাসক্ত শামীম মিয়া তার সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম প্রথমে বাঁশ নিয়ে তেড়ে আসে এবং পরে পাশের বাড়ি থেকে ধারালো দা এনে পরিষদের সহকারী সচিবের কক্ষে বসে থাকা শাহিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাথা ও শরীরে উপর্যুপরি কোপে গুরুতর আহত হন শাহিন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই রায়পুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক শামীমকে গ্রেপ্তার করে। জানা যায়, শামীম মিয়া হাসনাবাদ এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের পাশেই তার বাড়ি। ।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”